
বিজয় চৌধুরী, ঢাকা
শিশুদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকার রক্ষায় দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ‘সুরক্ষিত শৈশব’ চালুর চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে সামাজিক সংগঠন ইউনাইটেড সিটিজেন্স ফোরাম। মাঠপর্যায়ে কর্মসূচি শুরুর আগে সংগঠনটি তাদের স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিয়ে বিশেষ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমান প্রেক্ষাপটে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। এই বাস্তবতাকে সামনে রেখে পরিকল্পিত এই ক্যাম্পেইনে শিশুদের ‘গুড টাচ ও ব্যাড টাচ’সহ বিভিন্ন সংবেদনশীল বিষয়ে সহজ ও বোধগম্য উপায়ে সচেতন করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহা. মীযানুর রহমান আদীব বলেন, “একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মাঠপর্যায়ে কাজ শুরুর আগে স্বেচ্ছাসেবকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করছি, যেন তারা শিশুদের মনস্তত্ত্ব বুঝে সংবেদনশীলভাবে সচেতনতা তৈরি করতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলন।”
তিনি আরও বলেন, শিশুদের জন্য একটি সুরক্ষিত ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply