
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে ভাড়া বাসায় ইয়াবা ও সম্প্রতি নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট বিভাগ থেকে তাকে ক্লোজ করা হয়।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আলতাব হোসেন জানান, পলাশবাড়ীর ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগের উচ্চতর কর্তৃপক্ষ। ঘটনার তীব্রতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত গত ১৭ জুন রাতে। সম্প্রতি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কনটেন্ট তৈরি করছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এ সূত্রেই নিঝুম নামের স্থানীয় এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সাথে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। ওই রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী ক্রিয়েটরের সাথে অবস্থানকালে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসায় সার্জেন্ট জাহাঙ্গীর ও নিঝুমের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন। পরে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের কথাও জানা যায়। ঘটনার পরপরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়া হলেও শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি সরবভাবে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত বিভাগীয় ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply